শর্টকাট টেকনিকে বেহেশতে যাওয়া যাবে না: জয়
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, মৌলবাদীদেরকে ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে মিথ্যা বলে এগিয়ে যেতে দেব না। শর্টকাট টেকনিকে বেহেশতে যাওয়া যাবে না।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা কখনো মৌলবাদীদেরকে মেনে নেবে না। এই মৌলবাদী গোষ্ঠীকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে আমাদেরকে বিব্রত করেন।
আরও পড়ুন: দিনদিন ঢাবিতে মৌলবাদের চর্চা বেড়ে যাচ্ছে: সনজিত
‘‘মানুষ মেরে বা মানুষ মারার টেকনিক শিখিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না। যারা এসব ভাবছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোরা লুকিয়ে লুকিয়ে কেন তোদের সংগঠনের নেতৃত্ব দেস? পেছন থেকে চোরাগোপ্তা হামলা না করে আয়, সামনে এসে নেতৃত্ব দিয়ে আমাদের মোকাবেলা কর। দেখি তোদের কত সাহস।’’
ছাত্রলীগ থাকলে কেউ সাম্প্রদায়িকতা করতে পারবে না হুশিয়ারি করে জয় আরও বলেন, কোনো অন্যায়কারীকে বাংলাদেশ ছাত্রলীগ ছাড় দেবে না। আমাদের নেতাকর্মীরা বেঁচে থাকতে কেউ বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা তৈরি করতে পারবে না।