০২ এপ্রিল ২০২২, ২২:৩৪

সাংগঠনিক কাজ গতিশীল করতে বাইসাইকেল পেলেন ১৮ ছাত্রলীগ নেতা

বাইসাইকেল পেলেন ১৮ ছাত্রলীগ নেতা  © সংগৃহীত

ফেনীর ফাজিলপুরে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য ১৮ জন ছাত্রলীগের নেতাকে বাইসাইকেল প্রদান করেন ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন। প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ সহযোগিতা দেওয়া হয়।

জেলায় সর্ব প্রথম এ ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেন ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রিপন। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে তাদেরকে এ সহযোগিতা দেওয়া হয়।

‘প্রতি ঘর প্রতি বাড়ি, ছাত্রলীগের দুর্গ গড়ি’- স্লোগানকে ধারণ করে বিকেলে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা আশীর্বাদ নাকি অভিশাপ

বিশেষ অতিথি ছিলেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপন, জেলা ছাত্রলীগের সদ্যসাবেক সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক প্রমুখ।

ফাজিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রিদানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, ‘আগামী তিনমাস ছাত্রলীগের স্থানীয় নেতারা প্রতি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের কাছে সরকারের উন্নয়ন ও সাংগঠনিক ঐতিহ্য তুলে ধরবেন। তাদের এ কাজে সহযোগিতার জন্য ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে ১৮টি সাইকেল দেওয়া হয়েছে। এছাড়া প্রতিজনকে দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে।’