ছাত্র অধিকার পরিষদের দুই নেতা ‘নিখোঁজ’
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে উঠা সংগঠন ছাত্র অধিকার পরিষদের দুজন যুগ্ম আহবায়কের খোঁজ পাচ্ছে না তাদের পরিবার। শুক্রবার (২৬ মার্চ) দুপুর থেকে ‘নিখোঁজ’ আছেন।
তারা হলেন শাকিল-উজ-জামান ও মিনা আল আমিন। শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন আর মিনা সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মার্চ) মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় মিনা ৪১ নম্বর আসামি। শাকিলের নাম নেই মামলায়।
আর পুলিশের পক্ষ থেকে যে ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে, তার মধ্যেও তারা নেই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুজন সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
শাকিলের বাবা শামসুল হক বলেন, শুক্রবার বেলা একটার পর থেকে ছেলের মুঠোফোন বন্ধ পাচ্ছেন তিনি। পরে ছেলের খোঁজে টাঙ্গাইলের গোপালপুর গ্রামের বাড়ি থেকে সাভারে আসেন শনিবার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে দোকানে শাকিল খাওয়া-দাওয়া করেন বলে সেখানে খোঁজ নিয়েছিলেন তার বাবা।
তিনি বলেন, শাকিলকে ‘র্যাবের গাড়ি’ এসে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন। শাকিলের সঙ্গে তখন আরও দুজন ছিলেন।
ছাত্র পরিষদের নেতারা জানান, শাকিলের সঙ্গেই ছিলেন মিনা আল আমিন। তারা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন। দুজনই নিখোঁজ।
এ বিষয়ে জানতে র্যাব সদর দপ্তর ও র্যাব-৪–এ যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।