০৫ মার্চ ২০২১, ১৪:৩২

ছাত্রলীগ নেতা খুন: সংগঠনের আরেক নেতাকে আজীবন বহিষ্কার

  © লোগো

মানিকগঞ্জের সিঙ্গাইরে দলীয় কোন্দলের জের ধরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওরফে মিরুকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনের আরেক নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কার হওয়া ওই নেতার নাম মোল্লা মোহাম্মদ দুলাল। তিনি সিঙ্গাইর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একজ জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্থললা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মোল্লা মোহাম্মদ দুলালকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

গত সোমবার (১ মার্চ) রাতে সিঙ্গাইর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ফারুককে কুপিয়ে জখম করা হয়। পরে মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেছিলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ফারুক হোসেনকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে সিঙ্গাইর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল ও তাঁর বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ওরফে আঙ্গুর ফারুক জড়িত।