ছাগল চুরির অভিযোগে ৩ সহযোগীসহ ছাত্রলীগ নেতা আটক
ছাগল চুরির অভিযোগে মাদারীপুরে তিন সহযোগীসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি, তার তিন সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী ও মাহবুব তালুকদারকে আটক করা হয়। মাদারীপুর জেলা শহরের ইটেরপুল এলাকায় তুহিন দর্জির বাড়ি। জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে সে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পখিরা এলাকা থেকে নিজস্ব প্রাইভেটকারে স্থানীয় লোকমান মালোতের ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়ে। পরে টইল পুলিশকে জানালে পুলিশ গতিরোধ করে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ ও ছাগল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেছেন আটক ছাত্রলীগ নেতা তুহিন দর্জি। জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, দোষ প্রমাণিত হলে তুহিন দর্জির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ছাগল চুরির অভিযোগে পখিরা এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে।