০৬ জানুয়ারি ২০২১, ১৯:২৯

ডাকটিকিটে ছাত্রলীগ প্রসঙ্গ নিয়ে বিতর্ক, যা বললেন মন্ত্রী

  © টিডিসি ফটো

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে সরকারের ডাক বিভাগ। টিকিটের ওপর লেখা আছে ‘৪ জানুয়ারি ২০২১, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন অনেকে। নানামুখী আলোচনা চলছে এই লেখা নিয়ে।

এ ব্যাপারে বুধবার (৬ জানুয়ারি) গণমাধ্যমকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডাকটিকিটে ইতিহাসের সত্যটা তুলে ধরা হয়। এতে কোনো পরিবর্তন করা যায় না। ইতিহাসে যেটুকু যে অবস্থায় আছে, সেটাই প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। এর বিকল্প কী আছে যে তা দিয়ে সত্য প্রকাশ করতে পারব? ইতিহাসের ধারাবাহিকতা থাকে। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ থেকে মুসলিম বাদ গেছে। তারপর পূর্ব পাকিস্তান ও মুসলিম দুটো শব্দ বাদ গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ হয়েছে।

জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের আয়োজনে ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত ও বিশেষ সিলমোহর ব্যবহার করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত এই উদ্বোধনী খামে লেখা আছে ‘৪ জানুয়ারি ২০২১, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’।

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। প্রথমে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ হলেও সময়ের পরিক্রমায় এখন সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ।