ক্যাম্পাস খুললে ডাকসু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন: নুর
স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে উঠা সংগঠন ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের’ কয়েকজন নেতা একই দাবিতে গত দুই সপ্তাহ ধরে ক্যাম্পাসের রাজু ভার্স্কযের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বুধবার (৬ জানুয়ারি) বিকেলে তাদের অবস্থান কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে এক ছাত্রসমাবেশে সংগঠনটির যুগ্ম আহবায়ক ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে হল খোলার দাবিতে যেভাবে ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে, তেমনিভাবে আমি অনুরোধ করবো ক্যাম্পাস খোলার পর সবাই যেন ডাকসু নির্বাচনের ঐক্যবদ্ধ থাকে। সবার সুর যেন এক হয়।
নুর বলেন, এবছর শতবর্ষে পূর্ণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। শতবর্ষের দ্বারপ্রান্তে এসে কেন ডাকসু নির্বাচন হবে না? আর যাতে একটি বারের মতোও এ নির্বাচন বন্ধ না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আপনারা। আপনারা যদি ভিপি-জিএস নির্বাচিত হতে পারেন, তাহলে সেটা সম্মানজনক হবে। তাই আপনারাও যে যার জায়গা থেকে ডাকসু নির্বাচনের দাবিতে সরব হবেন।
এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান।