ছাত্রলীগের ২৬ নেতার পদত্যাগ, উপজেলা কমিটিতে ঢাবি ছাত্র
দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে পদ দেয়ার জেরে তা প্রত্যাখান করে কমিটি পুনঃগঠনের দাবি জানিয়ে বিভিন্ন ইউনিটের ২৬ নেতা পদত্যাগ করেছেন।
তাদের অভিযোগ, এ কমিটিতে ঢাবি শিক্ষার্থী আবু নাসের সরকারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এর আগে তিনি ছাত্রদল নেতা ছিলেন। স্বজনপ্রীতি করে নতুন কমিটি মেনে নেয়া হবে না।
খানসামা উপজেলা প্রেসক্লাবে সোমবার (২৮ ডিসেম্বর) রাতে কমিটি পুর্নঃগঠনের দাবিতে সংবাদ সম্মেলনে করে ২৬ ছাত্রলীগ নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন- আলোকঝাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সবুজ ইসলাম, খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও রয়েল ইসলাম, আঙ্গারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এসকে আমিনুল ইসলাম, আঙ্গারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বিজয় শংকর, গোয়ালডিহি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ডালিম চন্দ্র রায় ও সদস্য ফারুক হোসেন, পাকেরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিলন রায়, উত্তর ভেড়ভেড়ী বিএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, পাকেরহাট কারিগরি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন, জমিরউদ্দীন শাহ বালিকা স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তানিয়া আক্তার, সেল্টুশাহ্ ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, হোসেনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শওকত আলী, আলোকডিহি আইডিয়াল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মির্জা মান্নু, বাংলা ভাষা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, গোলাম রহমান ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি ময়নদ্দিন ইসলাম, পাকেরহাট কামিল মাদ্রাসা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফুর, গোয়ালডিহি টেকনিকাল বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাবু ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পূর্বের আহবায়ক কমিটি ভেঙে গত ২৪ ডিসেম্বর নিয়ম বর্হিভূতভাবে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে যারা মুজিব আদর্শ লালন করে, ছাত্রলীগের রাজনীতি করে তাদের সঠিক মূল্যয়ন করা হয়নি। স্থানীয় সাংসদের ভাইয়ের রাজনীতি করা এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নিজস্ব ব্যক্তিদের দিয়ে স্বজনপ্রীতি করে নতুন কমিটিতে ছাত্রদল নেতা আবু নাসের সরকারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। সে কারণে গত ২৫ ডিসেম্বর থেকে খানসামা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়কসহ ২৬ জন ছাত্রলীগ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক আবু নাসের সরকার বলেন, আমি কখনো ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকে বঙ্গবন্ধুর ছাত্রলীগকে ভালবাসি। সেই ভালবাসা থেকেই ঢাবি ক্যাম্পাসে ও উপজেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এমপি মহোদয়ের মিছিল, মিটিংয়ে অংশগ্রহণ করে ছাত্রলীগের কর্মী হিসেবে ইতিবাচক কাজের সঙ্গে সর্বদাই ছিলাম। আমাকে নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ভার্সিটিতে পড়াকালীন আবু নাসের সরকার কি করেছে তা জানি না। কিন্তু এলাকায় আসলে তাকে তো নিয়মিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এমনকি জাতীয় ও উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকার পক্ষে কাজ করতে দেখা গেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, এ ধরনের কোন পদত্যাগপত্র পাইনি। তবে কমিটির বিষয়ে যদি কোন নির্দিষ্ট প্রমাণাদিসহ অভিযোগ পাই তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।