২৭ ডিসেম্বর ২০২০, ১৯:৫৩

বিচার না পেলে নিজেই ব্যবস্থা নেব: ছাত্রলীগ নেত্রী তন্বী

হাসপাতালের বিছনায় তন্বী   © সংগৃহীত

ছাত্রলীগের সিনিয়র দুই নেত্রী দ্বারা মারধরের শিকার সংগঠনটির আরেক জুনিয়র নেত্রী ফাল্গুনী দাস তন্বী এখনও রাজধানীর স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানা গেছে।

এদিকে, মারধরের এ ঘটনায় কোন পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শারীরিক অবস্থার বিষয়ে রবিবার (২৭ ডিসেম্বর) রাতে ছাত্রলীগ নেত্রী তন্বী দ্যা ডেইলি কাম্পাসকে বলেন, হাসপাতালে আমার শারীরিক অবস্থা জানার জন্য কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য নেতারা আসছিলেন। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আমাকে এ ঘটনার যথাযথ বিচার করার আশ্বাস দিয়েছেন। তারা আমাকে বলেছেন, ঘটনার সর্বোচ্চ বিচার হবে।

তিনি আরো বলেন, আমি বিচারের আশায় রয়েছি।  আশা করি, বিচার হবে। সংগঠন যদি এর উপযুক্ত বিচার না করে যদি হেলাফেলা করে তাহলে অবশ্যই আমি আমার স্টেপ নেব। আমার সাথে অন্যায় করা হয়েছে। আমি অবশ্যই এর বিচার চাই।  

গত ২১ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও ঢাবির শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন। এরপর থেকে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থান রয়েছেন।

এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দুজনই ফোন রিসিভ করেননি।