ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবির হলে হলে পোস্টারিং
আগামী ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এইদিনে শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।
সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলের অভ্যন্তরে পোস্টার সাঁটানো হয়েছে। আজ রবিবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির নেতাকর্মীরা এ কার্যক্রম চালিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল, বিজয় একাত্তর হল ছাত্রদল, কবি জসিমউদ্দীন হল ছাত্রদল, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদল, হাজী মুহম্মদ মহসীন হল ছাত্রদল, স্যার এ এফ রহমান হল ছাত্রদল, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদল, জগন্নাথ হল ছাত্রদল, অমর একুশে হল ছাত্রদল, ফজলুল হক মুসলিম হল ছাত্রদল স্ব স্ব হলের অভ্যন্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সাঁটানো কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করেছে। তাছাড়াও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাতেও পোস্টারিং করা হয়েছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি তারেক হাসান মামুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টিারিং করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাবি বিভিন্ন আবাসিক হলে আজ পোস্টার সাঁটানো কার্যক্রম সম্পন্ন হয়েছে।