০৮ নভেম্বর ২০২০, ২২:০৬

অভিমানে ছাত্রলীগ নেতার আত্মহত্যা, সাতক্ষীরায় ছুটে গেলেন রাব্বানী

  © সংগৃহীত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাতক্ষীরার তালায় আত্মহত্যা করা ছাত্রলীগ নেতা শেখ রিয়াদ হোসেন বাবুর পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও টিম পজিটিভ বাংলাদেশের মুখপাত্র গোলাম রাব্বানী।

আজ রবিবার (৮ নভেম্বর) বিকেলে তালার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামে শোকাহত বাড়িতে যান রাব্বানী। এ সময় তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং পরিবারটির পাশে থাকবেন বলে ঘোষণা দেন।

আত্মহত্যা করা বাবুর বাবা শেখ মনজুর রহমান জানান, ছাত্রলীগ করার জন্য বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নিতো বাবু। সব টাকা দলের পেছনে খরচ করতো। তবে কোনো পদ না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার আগে তার ফেসবুক স্ট্যাটাসে বাবু এসব লিখে গেছে। আমি চাই বাংলাদেশে যেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগ নেতা বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন গোলাম রাব্বানী। আলাপকালে ছাত্রলীগ নেতা বাবুর বাবা মনজুর রহমান ছোট ছেলে শেখ রিফাতের লেখাপড়া শেষে একটি সরকারি চাকরির দাবি করেন। এ সময় রাব্বানী সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রাব্বানী বলেন, টাকার জন্য পদ না পেয়ে একজন ছাত্রলীগ নেতা আত্মহত্যা করবে এটি হতে পারে না। দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছুটে এসেছি। এই পরিবারটির পাশে আমি থাকবো। তারা যে ধরনের সহযোগিতা চায় সব ধরনের সহযোগিতা করা হবে। বাবুর ছোট ভাই শেখ রিফাতের একটি চাকরির ব্যবস্থাও করা হবে।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক এ সাধারণ সম্পাদক বলেন, সব ছাত্রলীগ কর্মীকে মনে রাখতে হবে আগে লেখাপড়া তারপর রাজনীতি। লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি করা যাবে না। জীবনে সফল হতে হলে এটিকে মনে প্রাণে ধারণ করতে হবে।

নেতানেতা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে আত্মহত্যা করা ছাত্রলীগ নেতা শেখ রিয়াদ বাবুর কবরস্থান জিয়ারত করেন গোলাম রাব্বানী।

প্রসঙ্গত, গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে বিষপান করেন শেখ রিয়াদ হোসেন বাবু। পরে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর আগে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাবু।