৫ দিনের মাথায় ঢাকা মহানগরের দুই কমিটি বিলুপ্ত
কমিটি ঘোষণার ৫ দিনের মাথায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) পরিষদের কেন্দ্রীয় আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।’
এর আগে গত সোমবার (২ নভেম্বর) দুই মহানগরের আংশিক কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্র অধিকার, কেন্দ্রীয় পরিষদ। ১ বছর মেয়াদি এ কমিটিতে উত্তরের সভাপতি হিসেবে মোল্ল্যা রাহমাতুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে সাদ্দাম হোসেনকে নির্বাচিত করা হয়। আর দক্ষিণের শাহ মুহম্মদ সাগরকে সভাপতি ও নাজমুল করিম রিটুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটি ঘোষণার ৫ দিনের মাথায় কেন বিলুপ্তি ঘোষণা করা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে পরিষদের কেন্দ্রীয় আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. রাশেদ খাঁন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রেস বিজ্ঞপ্তিতে যেটা উল্লেখ আছে সেটাই সাংগঠনিক বক্তব্য।
এদিকে, আজ শনিবার সকালে সংগঠনের আদর্শ ও নীতি বহির্ভূতভাবে সংগঠন পরিপন্থী কাজে যুক্ত ব্যক্তিদের পদায়নসহ নানা অভিযোগ এনে নিজের পদত্যাগের কথা জানান ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোল্ল্যা রাহমাতুল্লাহ। এ নিয়ে পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক বরাবর একটি চিঠিও দেন মোল্ল্যা রাহমাতুল্লাহ।
এর আগে, গত ১৫ অক্টোবর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. রাশেদ খাঁন ও ডাকসুর সদ্য সাবেক ভিপি ও সংগঠনের যুগ্ম আহবায়ক নুরুল হক নুরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ২২ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করে একই সংগঠনের সাবেক কয়েকজন নেতা।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। আগের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামেই তারা নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।