পদবঞ্চিতদের ওপর হামলা: ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একজনকে স্থায়ী ও চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এছাড়া ওই ঘটনায় অপর দুজনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়।
ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী সালমান সাদিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ঢাবির বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ কমিটির সদস্য কাজী সিয়াম, একই শাখার আরেক কর্মী সাজ্জাদুল কবির ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জারিন দিয়া।
কারণ দর্শানো নোটিশ পাওয়া দুইজন হলেন ছাত্রলীগের নতুন কমিটির সংস্কৃতি বিষয়ক উপ-সম্পাদক লিপি আক্তার ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান শান্ত।
প্রসঙ্গত, ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশের এক বছর পর গত ১৩ মে ঘোষণা করা হয় সংগঠনের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। ওইদিন সন্ধ্যায় ঢাবির মধুর ক্যান্টিনে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করতে গেলে সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। এতে কয়েকজন নারী নেত্রীসহ ১০-১২ জন আহত হন। সেই ঘটনা তদন্তে ১৪ মে তিন সদস্যের কমিটি করে ছাত্রলীগ। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। সেই কমিটি গত শনিবার রাতে প্রতিবেদন জমা দেয়।