চাকরিতে বয়সসীমা ৩৫ আন্দোলনে পুলিশের ধাওয়া, আটক ১
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়েছে। এসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে একজনকে আটক করে পুলিশ।
আন্দোলনকারীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের অবস্থানে বাধা দেয়। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। পরে আবার মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্যে কিছু সময় অবস্থান নিয়ে বেলা দেড়টার দিকে আবারও জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। সেখানেও পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেছেন তারা। পরে বেলা আড়াইটার দিকে তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে তুলে দেয় পুলিশ।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস জানান, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ধাওয়া দিয়েছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এ ঘটনায় একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আটক ওই আন্দোলনকারী শিক্ষার্থীর নাম জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, আন্দোলনের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই তাদের বুঝিয়ে বলা হয় তারা যেন যানজট সৃষ্টি না করেন। পরে তারা শাহাবাগ চত্বর থেকে সরে যান।