১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৩

কোটা আন্দোলন : তিন দফা বাস্তবায়ন চেয়ে রাবিতে বিক্ষোভ

কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ।  © টিডিসি ফটো

কোটা সংস্কারের বিষয়টি নিশ্চিত করতে প্রজ্ঞাপন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তিন দফা বাস্তবায়ন চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে একটি মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, বর্তমান কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। কোটা আন্দোলনকারীদের উপর মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার এবং কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

ক্যম্পাসে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হওয়া সত্বেও বিগত তিন মাস যাবৎ প্রাণনাশের ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা কেউ দেশদ্রোহী নই। এদেশেরই নাগরিক। নায্য দাবি আদায়ে আন্দোলন করছি। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাধ্যেমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তারা নিরাপত্তা দাবি জানান।

এদিকে আহত হওয়া রাবি শাখা কোটা আন্দোলনের যুগ্ম-আহবায়ক তরিকুলের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, তার এখনও শঙ্কা কাটেনি। ১৫/ ২০ দিন পর পায়ে ভর দিতে পারবে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও অনেক সময় লাগবে।

বিক্ষোভ সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্য়বায়ক গোলাম মোর্শেদ, মাহফুজা মোহিনী, এহসানসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।