কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে বিক্ষোভ মিছিল আজ
কমিটির সুপারিশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের নেতারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গন্থাগারের সামনে এ ঘোষণা দেন আহ্বায়ক হাসানুল মামুন। আন্দোলনের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় কমিটি। সকাল ১১টা থেকে এই বিক্ষোভ শুরু হবে জানানো হয়েছে।
হাসান আল মামুন বলেন, আমরা কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছি। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এ সময় তিনি সরকার চাইলে ৩য় ও ৪র্থ গ্রেডেও কোটা সংস্কার করতে পারে বলে মন্তব্য করেন।
যুগ্ম-আহ্বায়ক ফারুক খান বলেন, ছাত্রসমাজ ফাইল চালাচালিতে আস্থা রাখতে পারছে না। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি পূরণ হলে পড়ার টেবিলে ফিরবো।
তিন দফা দাবিগুলো হলো- পাঁচ দফার ভিত্তিতে কোটার সংস্কার, মামলা প্রত্যাহার ও হামলার বিচার। এ সময় তিনি মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।