১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:০২

৪০তম বিসিএস বিজ্ঞপ্তির আগেই কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।  © টিডিসি ফটো

৪০ তম বিসিএস বিজ্ঞপ্তির আগেই ছাত্র সমাজের প্রত্যাশিত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র নেতারা এ আহ্বান জানান।

এসময় তারা পাঁচ দফার আলোকে আর কালক্ষেপন না করে দ্রুততম সময়ের মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা। এসময় তিনি তিন দফা দাবি উত্থাপন করেন।

দাবি সমূহের মধ্যে রয়েছে- ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানি মূলক সকল মামলা প্রত্যাহার করা, হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন দেয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা আশা করি, ছাত্র সমাজকে রাজপথে নেমে প্রজ্ঞাপন আদায়ের দিকে ধাবিত করবেন না। তবে সরকারের অনাগ্রহ ও উদাসিনতা যদি প্রজ্ঞাপন জারি আটকে রাখে তবে ছাত্র সমাজ রাজপথে নেমেই দাবি আদায় করতে বাধ্য হবে। মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হলেও আজ অবধি কোটা সংস্কারের প্রত্যাশিত প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছাত্র সমাজ হতাশ ও বিক্ষুব্ধ বলে তিনি জানান।

উল্লেখ, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, দুই হাজারের বেশি ক্যাডার নিয়োগ দিতে আজ মঙ্গলবার ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করতে পারে পিএসসি।