২৯ আগস্ট ২০১৮, ১৭:৫৩

যে কোনো বয়সে সরকারি চাকরিতে প্রবেশের পক্ষে অর্থমন্ত্রী

  © ফাইল ফটো

‘যে কোনো বয়সে যে কেউ সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবে’-এমনটি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সরকারি চাকরিতে প্রবেশ বয়স ৩২ বছর করার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব দেবে- এ বিষয়ে আপনার অভিমত কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো আপত্তি নেই। আমার মতে সরকারি চাকরি হওয়া উচিত কন্ট্রাক বেসিসে (চুক্তিভিত্তিক)। যে কোনো বয়সে যে কেউ চাকরি পাবে।’

এ বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল। আমি প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু ওইটা বাস্তবায়ন হয়নি। আমার মনে হয় নির্বাচনের আগে এসব ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।’

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা শেষ করেছেন। এখন মন্ত্রণালয় প্রস্তাব তৈরির কাজে হাত দেবে। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরিতে প্রবেশের বয়স দুই বছর বাড়তে পারে বলেও আভাস পাওয়া গেছে।