২৭ আগস্ট ২০১৮, ১১:১০

‘বঙ্গবন্ধু সাইবার ব্রিগেড’ গঠন করছে ছাত্রলীগ

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী  © ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিহত করতে ‘বঙ্গবন্ধু সাইবার ব্রিগেড (বিসিবি)’ গঠন করছে ছাত্রলীগ। সারাদেশের প্রায় ৪০ লাখ নেতা-কর্মীদের একটি সাইবার ইউনিটের আওতায় নিয়ে আসতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তিনি বলেন, “অতি শীঘ্রই আমরা কাজ শুরু করব। ইতোমধ্যে আইটি রিলেটেড কাজ শুরু হয়ে গেছে। এই ইউনিটের মাধ্যমে কেন্দ্র থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা একযোগে কাজ করার সুযোগ পাবে।”

রাব্বানী বলেন, “বঙ্গবন্ধু সাইবার ব্রিগেড ছাত্রলীগের সাইবার ইউনিট। এখানে কেন্দ্রীয়ভাবে ও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ছাত্রলীগ নেতাদের মাধ্যমে সারাদেশের ছাত্রলীগের পোস্টধারী নেতা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এমন সবাইকে যুক্ত করা হবে।

তিনি জানান, “প্রত্যেকের কাজের ক্ষেত্র অনুযায়ী ক্যাটাগরি করে আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া হবে।”

কাজের ধরণ বর্ণনা করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন ইস্যুতে কাজ করতে হবে। তবে গুজব প্রতিহত করা আমাদের টার্গেটের একটি অংশ। এভাবে বঙ্গবন্ধু সাইবার ব্রিগেড সারা দেশে ছড়িয়ে পড়বে।

তিনি জানান, “প্রত্যেকটি ইউনিটের মাধ্যমে আমরা সিভি কল করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এখানে যারা যুক্ত হবে তারা আমারা কেন্দ্র থেকে যেই কনটেইন ইউজ করবো এর বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ থাকবে না।”

এছাড়া সেপ্টেম্বরে ঢাকায় ট্রাফিক ক্যাম্পেইনে ছাত্রলীগ নামবে বলেও জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।