ছাত্রদল সহ-সভাপতির বাসায় গুলিবর্ষন, কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের গ্রামের বাড়িতে গুলিবর্ষনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসার ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। শুক্রবার এক বিবৃতিতে নেতৃদ্বয় এ নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে গেলে বৃহস্পতিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে তল্লাসী চালায়। এরপর রাত ২টার দিকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তার বাড়িতে প্রায় ৭ রাউন্ড গুলি বর্ষণ করে এবং ব্যাপক ভাংচুর চালায়।
এর প্রতিবাদে নেতৃদ্বয় বলেন, মামুন অর রশিদ মামুন ছাত্রদলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে যখন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তখন তার মনোবল ভেংঙে দেয়ার জন্য বিনা কারণে তার গ্রামের বাড়িতে গুলিবর্ষন ও ভাংচুর চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা যতই চেষ্টা করুক না কেন ছাত্রদল গনতন্ত্র পুনঃউদ্ধারের লড়াইয়ে একবিন্দুও পিছপা হবে না।
বিবৃতিতে নেতৃদ্বয় সরকারের প্রতি হামলা-মামলা, গ্রেফতার ও হয়রানি বন্ধ করার আহ্বান জানান।