শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ
দেশের সর্বস্তরের মানুষের সমর্থিত নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনকে দাবিয়ে রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সরকারের পক্ষ থেকে মামলা করায় গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু।
তিনি এক বিবৃতিতে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভীত হয়ে সরকার বাকশালী কায়দায় ‘নিরাপদ সড়ক চাই’ দাবির এ আন্দোলনকেও মামলা-হামলা এমনকি দমন নিপিড়নের মাধ্যমে নস্যাৎ করে দিতে চায় বলেই আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার পথ প্রসস্থ করছে।
আবু হাসান টিপু বলেন, বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনের ঘটনায় চাষাড়ায় বেআইনীভাবে অবস্থান, ভাঙচুর ও রাষ্ট্রীয় কাজে বাধা দেয়া এবং আর্থিক ক্ষয়ক্ষতির ভুয়া অভিযোগ তুলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার মধ্যো দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
তিনি অবিলম্বে শিক্ষার্থীদের উপর দায়ারকৃত মিথ্যা মামলা প্রত্যারের দাবী করে বলেন, নিরাপদ সড়কের দাবী এখন কেবল শিক্ষার্থীদের নয় বরং এ দাবী বাংলাদেশের সমগ্র মানুষের। আর তাই আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দিয়ে, তাদের উপর হামলা করে, গ্রেফতারের ভয় দেখিয়ে এ আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।