১৪ আগস্ট ২০১৮, ১৬:৩২

ঈদের আগেই ২২ শিক্ষার্থীর মুক্তি দাবি বিএনপির

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‍রুহুল কবির রিজভী  © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার আগেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী কারাবন্দি ২২ শিক্ষার্থী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আন্দোলন দমাতে নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে; রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হচ্ছে।  তাদের জামিন দেয়া হচ্ছে না।  অথচ প্রধানমন্ত্রী দুদিন আগে বলেছেন- শিক্ষার্থীদের আন্দোলন তাদের পথ দেখিয়েছে।  একদিকে প্রশংসা আরেক দিকে বর্বোরচিত দমন-পীড়ন এক অদ্ভুত দ্বিচারি সরকার।  শিশু-কিশোরদের সঙ্গে প্রতারণা করতেও এরা বেপরোয়া।  ন্যায্য আন্দোলন সরকারের কাছে অপরাধ।

বিএনপির এ নেতা বলেন, গ্রেফতারকৃত শিক্ষার্থীরা পরীক্ষা থেকে বঞ্চিত, ঈদের উৎসব থেকে বঞ্চিত হতে হচ্ছে। অবিলম্বে তাদের মুক্তি দাবি জানাচ্ছি।

এছাড়া বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে একতরফা নির্বাচন হবে না।  শূন্য কেন্দ্রে ভোটারবিহীন ইলেকশনের নামে সিলেকশন হতে দেয়া হবে না।  অবিলম্বে বানোয়াট মামলা প্রত্যাহার করে ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।