ছাত্র আন্দোলনে সহিংসতা কূটনীতিকদের জানাল বিএনপি
দেশব্যাপী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সরকারের দমন-পীড়ন ও তিন সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ করে এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি। পরে ২০-দলীয় জোটের বৈঠকেও দুটি বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে কূটনীতিকদের এ বিষয়ে অবহিত করা হয়। বিকেল সোয়া চারটা থেকে প্রায় এক ঘণ্টার বৈঠকে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, কুয়েত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য ও জার্মান দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চীন ও ভারতের কোনো কূটনীতিক বৈঠকে ছিলেন না বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের হামলা, মারধরের কিছু ভিডিও, সংবাদপত্রের প্রতিবেদন কূটনীতিকদের দেখানো হয়। ছাত্র আন্দোলনের ঘটনায় বিএনপির নেতাদের জড়িয়ে মামলা দায়ের কথাও তুলে হয়। এ সময় তিন সিটি নির্বাচনে পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকদের জোর জবরদস্তি ও নানা অনিয়মের তথ্য-উপাত্ত তুলে ধরে একটি লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের নেতা মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন, এ জে মোহাম্মদ আলী, শামা ওবায়েদ, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।