০৭ আগস্ট ২০১৮, ১৭:৫৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে মতবিনিময় করবে সরকার

  © ফাইল ফটো

স্কুল ও কলেজ প্রধানদের সাথে মতবিনিময় করার পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) ডেকেছে সরকার। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পুলিশের সঙ্গে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষের প্রেক্ষাপটে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার বেলা তিনটায় এই মতবিনিময় সভা হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ সংশ্নিষ্টরা উপস্থিত থাকবেন। এর আগে গত ৫ আগস্ট ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের নিয়ে সভা করে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন মন্ত্রী।

উল্লেখ্য, ২৯ জুলাই বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশব্যাপী ছাত্রছাত্রীরা বিক্ষোভে নেমে পড়ে। রাজধানী থেকে তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। নয় দফা দাবিতে এই আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা রাজপথে চালকের লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা শুরু করে। টানা নয় দিন ধরে তাদের এই আন্দোলনের মধ্যে জিগাতলা, রামপুরা ও মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সঙ্গে একদল যুবক লাঠি ও অস্ত্র হাতে হামলা চালায়।