০৪ আগস্ট ২০১৮, ২০:১৫

নিরাপদ সড়কের আন্দোলনে উদীচী’র সমর্থন

লোগো

সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন সংগঠনের পক্ষ থেকে এই সমর্থন জানান।

সংগঠনটির প্রচার ও তথ্য সম্পাদক কংকন নাগ স্বাক্ষরিত এক বিবৃবিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পরিহন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা নৈরাজ্যকর পরিস্থিতি ও পরিবহন ব্যবসায়ীদের হাতে জিম্মি অবস্থা থেকে সাধারণ মানুষকে উদ্ধারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। এরই ফলাফল রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু। ওই মৃত্যুর প্রতিবাদে স্বতঃস্ফুর্তভাবে সারাদেশে রাস্তায় নেমে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এই যৌক্তিক আন্দোলনে উদীচীর পূর্ণ সমর্থন রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। একইসাথে শিক্ষার্থীদের দেয়া নয় দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে উদীচী।