শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট
শনিবার দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের বিচার, সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা ও কোটা সংস্কার আন্দোলনের তিন দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।
এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মিয়াজি ও যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, নোয়াখালী ও চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে শনিবার (৪ আগস্ট) সারাদেশে ছাত্র ঘর্মঘট ঘোষণা করা হলো।
এসময় সরকারকে সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা, হামলাকারীদের বিচার ও কোটা সংস্কার আন্দোলনের তিন দফা দাবি মেনে নিয়ে অতি দ্রুত উদ্ভূত সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। ধর্মঘটে সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।’
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সম্পর্ক কী- এমন প্রশ্নের জবাবে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘তাদের সঙ্গে আমাদের সরাসরি কোনও সম্পর্ক নেই। এই দেশের ছাত্রসমাজ সকলের ভাই-ভাই।
কোটা পদ্ধতি সংস্কারের দাবি শুধুমাত্র একটি গোষ্ঠীর বিশেষ দাবি নয়। এটি সকল ছাত্রছাত্রীর দাবি। ভবিষ্যতে যেসব ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে পাস করবে, তারাও সরকারি চাকরিতে যোগ দেবে। এই পদ্ধতির যদি যৌক্তিক সংস্কার না হয়, তাহলে বৈষম্যের শিকার হবেন।
এসময় কোটা সংস্কার আন্দোলনের আহত নেতাকর্মীদের বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে সাতজন জেলে আছেন এবং তিন থেকে চারজন হাসপাতালে আছেন।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে সরবরাহ করা হলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
কোটা আন্দোলনকারীদের কোনো মহলের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নে ইয়ামিন বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক, ন্যায্য। বারবার বলে আসছি, দাবি আজ মেনে নিলে কাল থেকে মাঠে থাকবো না। ’