০২ জুলাই ২০১৮, ১৩:০৭

রাবিতে ক্লাস বর্জন চলছে থমথমে ক্যাম্পাস

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের অবস্থান  © টিডিসি ফটো

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের মতো ক্লাস-পরীক্ষা বর্জন চলছে। সোমবার অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। কোটা সংস্কারকারীদের কর্মসূচি ঠেকাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। 

গতকাল রবিবার অনির্দিষ্টকালের মতো ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পাশাপাশি আজ সোমবার ক্যাম্পাসে পতাকা মিছিল এবং বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয়।

কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার আহ্‌বায়ক মাসুদ মোন্নাফ বলেন, সকল বাধাকে উপেক্ষা করে কর্মসুচি চালিয়ে যাওয়া হবে। 

ক্যাম্পাসে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে ছাত্রলীগ মাঠে থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ছাত্রলীগ ক্যাম্পাসে সবসময় অবস্থান করবে। তবে আন্দোলনকারীদের প্রতিপক্ষ হিসাবে ছাত্রলীগ কাজ করবে না বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। গতকাল আন্দোলনকারী এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের এলোপাতাড়ি হামলার কারনে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অন্যান্য দিনের তুলনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও কম।

বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। তিনি ছাত্রলীগকে অপ্রীতিকর ঘটনা এড়ানোর আহ্‌বান জানান। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে আশ্বস্ত করেছে। আন্দোলনকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’