রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ও সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে সোমবার পতাকা মিছিল ও বিক্ষোভ করবে আন্দোলনকারীরা।
রবিবার সন্ধ্যায় ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করারও আহ্বান জানান।
মাসুদ মোন্নাফ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করছি। এদিন আমরা পতাকা মিছিলও করব। আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করছি, তারা যেন স্বতস্ফুর্তভাবে কর্মসূচিতে অংশ গ্রহণ করে। যতই হামলা, গুম-খুন করা হোক না কেন, দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন থেকে সরে আসব না।’
উল্লেখ্য, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রবিবার সকালে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলো রাবির কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তাদের ওপরও হামলা চালায় রাবি ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর বিভিন্ন সময়ে কয়েকদফায় আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ।