হামলার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আগামীকাল রোববার থেকে এ কর্মসূচি পালন করা হবে।
এ প্রসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক খাঁন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংবাদ সম্মেলনে বাঁধা ও হামলার প্রতিবাদে আগামীকাল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং সারাদেশে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।’
এর আগে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে হামলার শিকার হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা-কর্মীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আন্দোলকারীদের অভিযোগ, ছাত্রলীগই এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টায় সংবাদ পূর্বঘোষিত কর্মসূচী সংবাদ সম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে উপস্থিত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। হামলার বিষয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর পিস্তল ও রামদা নিয়ে হামলা চালায়। এতে আমাদের অসংখ্য কর্মী আহত হয়েছে।