২৪ মার্চ ২০২২, ১২:৩৯

খেলা দেখতে লুঙ্গি পরে, এনগিডিকে নিয়ে রসিকতা

  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে তাসকিনের পাঁচ উইকেটের কৃতিত্ব, সাউথ আফ্রিকার ১৫৪ রানে অলআউট হওয়া। তামিম-লিটনের ১২৭ রানের চোখ ধাঁধানো পার্টনারশিপ। সাকিব-তামিম জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাওয়া। 

এতো ঘটনা আর স্মৃতি-বিস্মৃতির মাঝেও আলাদা করে নজর কেড়েছে একটা ছবি। সেঞ্চুরিয়নের গ্যালারিতে বাঙালি পোশাক লুঙ্গি পড়ে দাঁড়িয়ে আছেন তিন জন! তাদের একজনের হাতে জাতীয় পতাকা, সবার গায়েই বাংলাদেশি জার্সি। ঘটনা এ পর্যন্ত স্বাভাবিক।

তবে আসল চমক বাকি দুই জনের হাতে থাকা ব্যানারে। যেখানে আছে সাউথ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডির ছবি। সাথে লেখা, ‘উই লাভ লুঙ্গি’ মানে আমরা লুঙ্গি ভালোবাসি। বাংলাদেশিদের এমন লুঙ্গি প্রেম আর লুঙ্গি এনগিডিকে নিয়ে করা রসিকতার ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়াল থেকে ওয়ালে।