ফাইনালে ওঠার মহারণ আজ
আজই শুরু হচ্ছে ‘টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২১’ এর নক-আউট পর্বের প্রথম সেমিফাইনালের লড়াই। এই ম্যাচে ২০১০ বিশ্বকাপজয়ী এবং গতবারের ফাইনালিস্ট দল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ‘নার্ভাস সেমি’ খ্যাত দল নিউজিল্যান্ড।
আজ বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টির রেকর্ড অনুযায়ী, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ড দলকে সেমিতে হারিয়ে ফাইনালে পা রাখে ইংল্যান্ড। সেই ম্যাচে কিউইরা ইংলিশদের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছিল। কিন্তু কিউইদের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে ইংলিশরা। সেমির হারের এই স্মৃতি ব্ল্যাকক্যাপ্সদের কাছে এখনও দগদগে থাকার কথা। নিউজিল্যান্ডের সামনে তাই এখন বদলা নেওয়ার পালা।
এখন পর্যন্ত সেমিফাইনালের সব রেকর্ড ইংল্যান্ডের পক্ষেই। এই ফরম্যাটের বিশ্বকাপের সেমিতে এখন পর্যন্ত হারেনি ইংলিশরা। ইংলিশরা ২০১০ সালে শ্রীলঙ্কার পর ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের এই নক-আউট পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। ২০১০ সালে তারা ৭ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।
এদিকে খেলার এমন রেকর্ড আর সমীকরণকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের সামনে এসেছে অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো খেলে এবার ইংলিশদের সেমিতে হারের স্বাদ ফিরিয়ে দিয়ে প্রথমবারের মত আসরটির ফাইনালে ওঠার বড় সুযোগ।
একথা নির্দ্বিধায় বলা যায়, টি-২০ ফরম্যাটের বিশ্ব আসরের ফাইনাল দৃশ্যে নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড যে-ই হাজির হোক আপাতত নক-আউট পর্বের ক্রিকেট নৈপুন্য দেখার অপেক্ষায় আছে ক্রিকেটের কোটি ভক্ত।