পিএসজিতে মেসির গায়ে ৩০ নম্বর জার্সি
পিএসজিতে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিয়োনেল মেসি। নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারবে।
পিএসজিতে থাকা ব্রাজিলীয় তারকা নেইমার বন্ধু মেসিকে দশ নম্বর জার্সিটি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, এই প্রস্তাবে রাজি হননি মেসি। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে। বার্সেলোনায় সর্বশেষ দশ নম্বর জার্সি পড়লেও, ক্লাবটিতে আরো দুইটি নম্বরের জার্সি গায়ে দিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। একটি ৩০ এবং অপরটি ১৯। এই দুইটি নম্বরের মধ্যে থেকে ৩০ নম্বরটিকে বেছে নিলেন মেসি।
মেসির ৩০ নম্বর জার্সি পরার পেছনে কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। তাই এই জার্সি পরেই ক্যারিয়ার শেষ করতে চান মেসি।
প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরেই তিনি ক্লাবে পা রাখেন। এর পর চলে ছবি তোলার পালা। ক্লাবের টুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করা হয়েছে। বছরে ৩৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।