২৬ মার্চ ২০২১, ১১:৫৩

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  © সংগৃহীত

ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৪ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ।  সিরিজের সব ম্যাচ হারায় ব্ল্যাকক্যাপসদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে তামিম ইকবালের দল।

বেসিন রিজার্ভে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ৩১৮ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে টাইগাররা অল আউট হয় মাত্র ১৫৪ রানে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই পেসার ম্যাট হেনরির বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়েই পড়ে সফররত বাংলাদেশ। ওপেনিং করতে নেমে মাত্র ১ করেই সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। পরের উইকেটে ব্যাট করতে নামা সৌম্য সরকারও আউট হয়েছেন ব্যক্তিগত ১ রানে। আর লিটন দাস ফেরেন ২১ রান করে। এই তিন বাংলাদেশি ব্যাটসম্যানকেই ফেরান ম্যাট হেনরি।

এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে খুঁটি গেড়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেনি। কাইল জেমিসনের বলে আউট হয়ে ফেরেন তিনি। আর মুশফিক ফেরেন ব্যক্তিগত ২১ রানে।

বাংলাদেশ দলের দুই উদীয়মান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসানও দলের জন্য কিছুই করতে পারেননি। শূন্যরানেই নিশামের বলে ফেরেন মিরাজ। আর আউট হওয়ার পূর্বে মাত্র ৩ রান করেছেন শেখ মেহেদি।

অষ্টম উইকেট জুটিতে তাসকিন নিয়ে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ্। তাসকিন আউট হয়েছেন ৯ রানে। পরের উইকেটে রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। আর এটিই আজকে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। রুবেল ফেরেন ৪ রানে। আর শেষ উইকেটে ব্যাট করতে আসা মোস্তাফিজুর রহমান কোনো রান করতে পারেননি।

এদিকে ৭৩ বলে ছয়টি চার এবং চারটি ছয়ে ৭৬ রান করে অপরাজিতই থাকেন রিয়াদ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। এছাড়া তিনটি উইকেট নিয়েছেন জিমি নিশাম।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেলের অভিষেক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করে টম লাথাম বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানেই থেমেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।