০৮ ডিসেম্বর ২০২০, ২১:৪১

বাবাকে অনেকদিন পর এভাবে দেখে...

  © সংগৃহীত

গত মার্চের শুরুর দিকে সর্বশেষ মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজ দিয়েই তিনি জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়েন। এরপর শুরু হয় করোনাকাল। তিনি নিজে এবং তার পরিবারের সবাই করোনায় আক্রান্তও হয়েছিলেন। সব সমস্যা কাটিয়ে ৯ মাস পর আবারও বাইশ গজে বল হাতে ছুটতে দেখা গেল মাশরাফি বিন মুর্তজাকে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) জেমকন খুলনার হয়ে তিনি গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছেন।

মাশরাফির খেলা দেখার জন্য কোটি ভক্ত আজ সন্ধ্যায় টিভির সামনে বসেছেন। মাঠে গিয়ে দেখার কোনো সুযোগ নেই। সাধারণ দর্শকদের মতোই বাড়িতে বসে টিভিতে বাবার খেলা দেখছে ছোট্ট সাহেল মুর্তজা। অনেকদিন পর বাবাকে ক্রিকেটাররূপে দেখে তার আনন্দ আর ধরে না। সাহেলের দুহাত শুন্যে ছুড়ে উদযাপনের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা। ক্যাপশনে লিখেছেন, ‘বাবাকে অনেক দিন পর এভাবে দেখে...’।

বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা আজ বল হাতে নামার আগে ব্যাট হাতে নেমেছিলেন। খুলনার হয়ে তিন নম্বরে নেমে মাত্র ১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে যান। এরপর বল হাতে ২৮ রানের বিনিময়ে এক উইকেট নেন মাশরাফি।