০২ জুলাই ২০১৯, ১৮:২৪

ম্যাচ জমিয়ে দিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ

  © আইসিসি

এজবাস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের শাসন করছিল ভারতের ব্যাটসম্যনরা। এবার ভারতের ব্যাটিং দূর্গে তৃতীয় আঘাত হানলেন 'কাটার মাস্টার' খ্যাত মুস্তাফিজুর রহমান। তার একটি কাটারে মিডউইকেটে ক্যাচ তুলে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রুবেলের তালুবন্দি হয়ে ২৬ রানে ফিরেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যন। এক বল পরেই আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মুস্তাফিজ। ওয়াইড স্লিপে সৌম্য সরকারের তালুবন্দি হন হার্দিক পাণ্ডিয়া (০)। ৩৯ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান।

টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে বোলিং উদ্বোধন করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনের শুরুটা দারুণ হয়েছিল। মুস্তাফিজুর রহমানের করা ৬ষ্ঠ ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৯ রানে বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার দেওয়া সহজ একটা ক্যাচ হাতছাড়া করেন ভালো ফিল্ডার বলে পরিচিত তামিম ইকবাল! রোহিত তখন ৯ রানে ব্যাট করছিলেন। জীবন পেয়ে লোকেশ রাহুলকে নিয়ে হাত খুলে মারতে থাকেন রোহিত।

১০৫ বলে উদ্বোধনী জুটির রান একশ ছাড়িয়ে যায়। ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন 'হিটম্যান' রোহিত। এরপর ৫৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। হাফ সেঞ্চুরির পর রোহিত আরও ভয়ংকর হয়ে ওঠেন। ক্যারিয়ারের ২৬তম এবং চলতি বিশ্বকাপে চার নম্বর সেঞ্চুরি তুলে নিতে রোহিত খেলেন ৯০ বল; হাঁকান ৬টি চার এবং ৫টি ছক্কা। ৩০তম ওভারে অবশেষে এই বিধ্বংসী ওপেনারকে ১০৪ রানে লিটন দাসের তালুবন্দি করেন সৌম্য সরকার। ভাঙে ১৮০ রানের ওপেনিং জুটি।

১৫ রানের ব্যবধানে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। রুবেল হোসেনের বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন অপর ওপেনার লোকেশ রাহুল (৭৭)।