বিশ্বকাপে হাজার রানের ঘরে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব
আজ সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে বিশ্বকাপের মঞ্চে এক হাজার রান পূর্ণ করেন সাকিব। সেই সাথে দ্বাদশ বিশ্বকাপে সবচেয়ে রানের দিক দিয়ে আবারো শীর্ষেও উঠেন বিশ্বসেরা অল-রাউন্ডার। একইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নামেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য ওই আসরে ২০২ রান করেন তিনি। ২০১১ সালে দেশের মাটিতে হওয়া বিশ্বকাপে ১৪২ রান আসে সাকিবের ব্যাট থেকে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া টুর্নামেন্টে ১৯৬ রান করেন তিনি। আর এবার এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন সাকিব। ফলে চার বিশ্বকাপ মিলিয়ে তার মোট রান ১০১৬। ২৭ ম্যাচের ২৭ ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ২টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৪.১৭।
বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ৪৫ ম্যাচের ৪৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২২৭৮ রান করেছেন মাস্টার ব্লাস্টার। ৪৬ ম্যাচের ৪২ ইনিংসে ১৭৪৩ রান করে দুই নম্বরে অজি মহাতারকা রিকি পন্টিং এবং ৩৭ ম্যাচের ৩৫ ইনিংসে ১৫৩২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
Shakib Al Hasan becomes the first Banglaldeshi batsman to pass 1,000 career World Cup runs and just the 19th man to reach the landmark overall