২৪ এপ্রিল ২০১৯, ২১:১৭

আবারো পুষ্পকের জোড়া গোলে সেমিফাইনালে যবিপ্রবি

যবিপ্রবির ফুটবল দল এবং পুষ্পক  © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর  গ্রুপ পর্বের খেলায় নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) মুখোমুখি হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রথম তিনটি ম্যাচে টানা জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বুধবার খেলতে নামেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল।

সেমিফাইনালে পৌঁছানোর জন্য নানা হিসাবনিকাশে ভরপুর ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হওয়া ম্যাচটি।

শুরু থেকেই উজ্জীবিত হয়ে খেলতে থাকেন যবিপ্রবির ফুটবল দলের প্লেয়াররা। একের পর এক আক্রমণের চেষ্টায় সাফল্য আসে খুব দ্রুতই। খেলার ১৩ মিনিটেই গোল পায় যবিপ্রবি। গোলটি করেন এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পুষ্পক বৈরাগী। ঠিক এক মিনিট পরেই পাল্টা আক্রমণে গোলটি পরিশোধ করে খেলায় সমতা আনেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকে ম্যাচটি । যবিপ্রবির সমীকরণ ছিলো অন্তত ড্র হলেও সেমিফাইনালে যাওয়া সম্ভব। অবশ্য শেষ পর্যন্ত আর সমীকরণে তাকাতে হয়নি। আরো এক গোল দিয়ে দলকে নিশ্চিন্তে সেমিফাইনালে পৌঁছে দেন  সি আর সেভেন খ্যাত স্ট্রাইকার পুষ্পক বৈরাগী। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে যবিপ্রবি ফুটবল বল।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পুষ্পককে হাতছানি দিচ্ছে টুর্নামেন্ট সেরার ট্রফি। তবে নিজের এ ব্যক্তিগত সাফল্য নিয়ে মোটেই ভাবছেন না তিনি। স্বপ্ন ট্রফি জয়ের।

যবিপ্রবি ফুটবল দলে আরো খেলছেন শেখ তরিকুল ইসলম সুমন, নূর আলম, রায়হান কবির সুইট,জয়দেব বিশ্বাস, চন্দন কুমার দাস, সরোয়ার মোর্শেদ শাওন, মাহমুদুল হাসান সৈকত, মাহবুব আলম পিয়ার(দলনেতা), তরিকুল ইসলাম শাহিন, অনিক বিশ্বাস ,প্রবীর মিত্র ,মোঃ আশরাফ উদ্দিন ,উত্তম কুমার মজুমদার এবং  মোঃ ইমরান হোসেন।

সেমিফাইনালে আগামীকাল দলটি মুখোমুখি হবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাথে। জয় পেলেই ফাইনালে,কি মধুর অপেক্ষা!