শাবিপ্রবিতে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এবারের প্রতিযোগিতায় মোট ২১টি ইভেন্টে ২৮৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়াও শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৩টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত হয় এবং একইসাথে তাদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত হয়। তবে খেলায় অংশগ্রহণ করে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর প্রফেসর জহীর উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সদস্য সচিব চৌধুরী সউদ-বিন-আম্বিয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ।
আগামীকাল বিকেল সাড়ে চারটায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।