০৩ মার্চ ২০২৫, ১৭:৩০

৫১ বলে ২০ রান শান্তর, ক্ষুব্ধ হয়ে  ছুঁড়ে মারলেন হেলমেট

নাজমুল হোসেন শান্ত  © ফাইল ফটো

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুম মাঠে গড়িয়েছে আজ। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মিরপুরে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেই আলোচনায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে বলার মতো কিছু করতে না পারা শান্ত আজ ডিপিএলে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছেন ৫১ বলে ২০ রান। নাঈম হাসানের স্পিনে এলবিডাব্লিউ হওয়া শান্ত নিজের আউটের ধরনে মোটেও খুশি ছিলেন না।

প্যাভিলিয়নে ফেরার সময় ক্ষুব্ধ শান্ত হেলমেট ছুঁড়ে মেরেছেন। শান্তর এমন কান্ড অবশ্য এবারই প্রথমই নয়। এর আগে ২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা শান্ত টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফেরার সময় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে জরিমানার মুখে পড়েছিলেন।

মিরপুরে প্রথম ওভারেই উইকেট হারানো আবাহনীর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন শান্ত। তবে ৫১ বলে ২০ রানের ধীরগতির ইনিংস খেলে এই বাঁহাতি ব্যাটসম্যান যখন ফিরছিলেন, তখন দলের সংগ্রহ ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া আবাহনী শেষ পর্যন্ত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে ৭৩ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান তুলতে সক্ষম হয়।

ছোট লক্ষ্যে নেমে ম্যাচটা ৫ ওভার হাতে রেখেই ৬ উইকেটে জিতে গেছে অগ্রণী ব্যাংক। তাদের অধিনায়ক ইমরুল কায়েস ৯৪ বলে করেছেন ৯৪ রান।