বিপিএল উন্মাদনা শুরু, খেলার সূচি দেখুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হচ্ছে আগামীকাল। অনুশীলনরত খেলোয়াড়ের পাশাপাশি ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে দর্শকদেরও মাঝেও। এদিকে আসতে শুরু করছেন বিদেশি ক্রিকেটাররাও। গতকাল বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে বিপিএলের টিকেট। খেলার সূচি অনুযায়ী প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। সপ্তাহের অন্য দিনগুলোয় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।
আগের টুর্নামেন্টগুলোর মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলা হবে। প্রথম ১৪ ম্যাচের পর ১৫ জানুয়ারি থেকে সিলেটে হবে বিপিএলের ৮টি ম্যাচ। ২১ জানুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। মিরপুরে ৬ ম্যাচ খেলার পর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। সেখানে ৬ দিনে হবে ১০টি ম্যাচ। ১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল, চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে অফ ও ফাইনাল।
৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে বিজয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। প্রতিটি প্লে অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনাল ৮ ফেব্রুয়ারি।
বিপিএল উন্মাদনার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করে দিয়েছে বিপিএলের টিকিট মূল্য, কোথায় পাওয়া যাবে টিকিট। বিপিএল ষষ্ঠ আসরের টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত। শুরুতে গ্রুপ পর্বের টিকিট বিক্রি হবে তিন ধাপে। প্রথম ধাপের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপের এবং ৩১ জানুয়ারি থেকে শেষ ধাপের টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কেনা যাবে Shohoz.com ও Ucash এর মাধ্যমে। এছাড়াও কেনা যাবে টিকিট বুথ থেকে। এছাড়াও পাওয়া যাবে মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ ও শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে।
তাছাড়া সিলেটে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অথবা সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন বুথে। চট্টগ্রাম পর্বের টিকিট পাওয়া যাবে এম আজিজ স্টেডিয়ামে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট বুথে।
এবার ছাদবিহীন সাধারণ গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা, ছাদযুক্ত গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে খেলোয়াড়দের কাছ থেকে দেখার সুযোগ পেতে গুনতে হবে ২ হাজার টাকা।