২০ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৩

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ঢাকা বিভাগের ফাইনাল শুক্রবার

  © ফাইল ফটো

ঢাকা বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট  এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ দুটি টুর্নামেন্টের ঢাকা বিভাগের ফাইনাল খেলার আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অঞ্চল। 

দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু হবে বিকল ৩টায়। ১ ঘণ্টাব্যাপী খেলাটি বিকাল ৪টায় শেষ হবে।

টুর্নামেন্ট দুটির ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।