দিল্লি শেষে বীরের বেশে
দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির ফুটবলাররা। শুক্রবার রাতে ফুটবলাররা বিজয়ীর বেশে বিকেএসপিতে প্রবেশ করলে তাদেরকে উৎসবঘন আয়োজনের মাধ্যমে বরণ করে নেয়া হয়। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান তরুণ এই ফুটবলারদের ব্যান্ড বাজিয়ে ও মিষ্টিমুখ করে বরণ করে নেন। ২০ নভেম্বর দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে বিকেএসপির খেলোয়াড় হাবীবুর রহমান একমাত্র গোল করে দলকে জয়ের বন্দরে ভেড়ান।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দীর্ঘ ১৫ বছর ধরে অংশগ্রহণ করলেও কখনো সেমিফাইনালের গণ্ডি মাড়াতে পারেনি বিকেএসপির অনূর্ধ্ব-১৭ দল। কিন্তু এবার সাফল্যের চূড়ায় আরোহন করল দলটি। জিতে নিল শিরোপা।
এই টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ ছাড়াও নেপাল, আফগানিস্তানসহ মোট ৯৫টি দল অংশগ্রহণ করেছিল। অনূর্ধ্ব-১৭ বিভাগে এবার প্রথম চ্যাম্পিয়ন হলেও এর আগে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বিকেএসপি। আর কয়েক দিন আগেই সুব্রত কাপে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগেও চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে প্রতিষ্ঠানটি। এক মাসের মধ্যেই দুটি আন্তর্জাতিক শিরোপা বিকেএসপি এবং দেশের জন্য গৌরব বয়ে এনেছে। স্বীকৃতিস্বরূপ চ্যাম্পিয়ন ছেলেমেয়েদের জন্য কিছু প্রণোদনা দেওয়ার কথা ভেবেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক।