১৩ আগস্ট ২০১৮, ২০:২০

শেকৃবিতে ক্যান্টিন-শিশুদের আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট

‘আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ এ অংশ নেয়া শিশুরা  © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফানুস’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ক্যান্টিনে কমর্রত শিশুদের ‘আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০১৮’। সোমবার টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে শেরে বাংলা হলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কবি কাজী নজরুল ইসলাম হল। বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৯ জুলাই এ টুর্নামেন্ট শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিন এবং ডাইনিংয়ে কমর্রত শিশুদের নিয়ে হল ভিত্তিক ৯ জনের একটি করে টিম গঠন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে নবাব সিরাজ-উদ-দৌলা হল, শেরেবাংলা হল ও কবি কাজী নজরুল ইসলাম হলের শিশুরা।

ত্রিদলীয় টুর্নামেন্টে প্রত্যেক টিম দুইটি করে খেলায় অংশগ্রহণ করে। পয়েন্টের ভিত্তিতে নবাব সিরাজ-উদ-দৌলা হল বাদ পড়ে। ফাইনালে উঠে শেরেবাংলা হল ও কবি কাজী নজরুল ইসলাম হল।

ফাইলালে মাঠে পুরো সময় ধরে ছিল টানটান উত্তেজনা। ৬০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। এরপর ১ম ট্রাইবেকা ৫-৫ গোলে ড্র হয় এবং পরবর্তীতে ৩-২ গোলে বিজয় ছিনিয়ে নেয় কবি কাজী নজরুল ইসলাম হল। খেলা শেষে অংশগ্রহণকারী ২৭ জন খেলোয়ারকে ব্যাক্তিগত ট্রফি এবং রানার্সআপ ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন শেরেবাংলা হলের প্রভোস্ট মো.হাসানুজ্জামান আকন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. হাসানুজ্জামান আকন্দ বলেন, খেলাধুলা করলে শরীর ও মন দুইটাই ভালো থাকে। ক্যান্টিনের শিশুরা সবসময় খেলার সুযোগ পায় না। আমি ফানুসকে ধন্যবাদ জানাই এসব শিশুদের নিয়ে খেলার আয়োজন করার জন্য।

ফানুসের লিডার মো. মমিন সরকার বলেন, ক্যান্টিন শিশুদের প্রাথমিক শিক্ষা দিতে ফানুস স্কুল গড়ে তুলেছি। লেখাপড়ার পাশাপাশি আনন্দ দিতে এ খেলার আয়োজন। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতেই ফানুসের এ প্রচেষ্টা এবং ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।