সাকিবের বলে চার-ছক্কা মেরে দলকে জেতালেন হৃদয়
শ্রীলঙ্কা ক্রিমিয়ার লিগে টানা দুই জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের গল টাইটান্স। আর দলটির এই পরাজয় বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার তাওহীদ হৃদয়ের জাফনা কিংসের কাছে, যে জয়ে বেশ গুরুত্বপূর্ণ অবদান ছিল হৃদয়ের।
শুরুতেই ব্যাটিংয়ে বড় ধরনের ধাক্কা খেয়ে জাফনা কিংসকে ১১৮ রানের সহজ টার্গেট দেয় সাকিবের দল। এরপর রান তাড়ায় রীতিমতো ঝড় তুললেন জাফনা কিংসের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও রহমানুল্লাহ গুরবাজ। আফগান ওপেনার ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৫৪ রান করে সাজঘরে ফিরলেও ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকলেন হৃদয়। তাতে ২ উইকেটে ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জাফনা।
শুক্রবার পাল্লেকেল্লেতে জাফনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে গল টাইটান্স। দলের বিপদের মুহূর্তে ব্যাটিংয়ে নেমে হাল ধরতে পারেননি সাকিবও। ৯ বলে মাত্র ৬ রান করে দিনের সেরা বোলার দুনিথ ভেল্লালাগের শিকার হন তিনি।
তবে, ব্যাট হাতে বাজে দিনে বোলিংয়ে শুরুটা ঝলমলে করেছিলেন সাকিব। নিজের প্রথম ওভারেই ব্রেকথ্রু এনে দেন টাইগার অলরাউন্ডার। দলীয় ১৭ রানের মাথায় সাকিবের বলে আউট হন জাফনা ওপেনার আসালাঙ্কা (৫)।
এরপর ওয়ান ডাউনে নামেন হৃদয়। মাঠে নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করেন এ ব্যাটার। পঞ্চম ওভারে সাকিবের মুখোমুখি হয়ে প্রথম বলেই ছক্কা হাঁকান হৃদয়। পরের বলে মারেন বাউন্ডারি।
এরপর ১৩তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি।