ব্রাজিলের বিদায়, সেমিতে বেলজিয়াম
২০১৮ বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ব্রাজিলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখলো বেলজিয়াম। ম্যাচের পুরোটাই ব্রাজিলের আধিপত্য। কিন্তু সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করা বেলজিয়াম করে দেখাল আসল কাজ।
প্রথম গোলটি উপহার হিসেবে পাওয়া বেলজিয়াম দ্বিতীয় গোলটি আদায় করে নিল নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে। তাতে ব্যবধান বাড়ল, মিলে গেল শেষ চারের টিকেট। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমি ফাইনালে উঠল বেলজিয়াম।
৮ মিনিটেই দুর্ভাগ্যের সাইড পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে এগিয়ে যেতে পারত ব্রাজিল। নেইমারের কর্নার কিকে গোলমুখ থেকে পা লাগিয়েছিলেন থিয়াগো সিলভা। কিন্তু তা সাইড পোস্টে লেগে ফিরে আসে। তিন মিনিট পরে উইলিয়ানের নেওয়া কর্নার থেকেও সুযোগ পেয়িছিলেন পাউলিনহো। কিন্তু তাঁর দুর্বল ভলি বেলজিয়াম ডিফেন্ডার আরামে বিপদমুক্ত করেছেন।
দিনটা যে ব্রাজিলের নয়, তা বোঝা গেল ১৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পরেই। হ্যাজার্ডের নেওয়া কর্নার ক্লিয়ার করতে গিয়ে বাহুতে লেগে বল জালে জড়িয়ে যায়। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ২-০ করেন কেভিন ডি ব্রুইনা। রোমেলু লোকাকুর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে গোলটি করেছেন ব্রুইনা। ব্রাজিল ব্যবধান কমায় ৭৬ মিনিটে। ব্রাজিলের হয়ে একটি গোল পরিশোধ করেন বদলি রেনাতো আউগুস্তো।
২০০২ সালে শেষবার বিশ্বকাপ জেতার পর প্রতিটা বিশ্বকাপই সেলেসাওদের জন্য হেক্সা স্বপ্ন। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ থেমেছে সেমিফাইনাল থেকেই। আর এবার তো শেষ চারের চৌকাঠেও পা রাখত পারল না ব্রাজিল।
বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে বেলজিয়ামের এটা প্রথম জয়। এরআগের একমাত্র সাক্ষাতে বেলজিয়ামকে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে হেরেই বিদায় নিতে হয়েছিল বেলজিয়াম। এবার আরেকটু পথ এগিয়ে ব্রাজিলকে বাড়ি যাওয়ার পথ দেখিয়ে দিল তারা।
রাশিয়া বিশ্বকাপের ভেন্যু কাজান এরিনা যেন রাঘব বোয়ালদের বিদায় জানাতেই বেশি পছন্দ করে। এই মাঠেই বিদায় হয়েছে জার্মানি ও আর্জেন্টিনার। এবার ব্রাজিলও হাঁটল সেই পথে।