১০ জুন ২০১৮, ২০:০৪

ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এশিয়া কাপে ফাইনালে উঠে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে স্বগৌরবে উড়ালো বাংলাদেশের পতাকা। এ জয়ের ফলে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বাংলাদেশ কোটি ক্রিকেটপ্রেমীর।

রোববার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত।

টি-টোয়েন্টির ফরম্যাটের এ ম্যাচে ইনিংসের শেষ বলে সর্বোচ্চ ৫৬ রান করা ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরকে আউট করেন খাদিজাতুল কুবরা। আর নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করতে পারে ভারত।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ। একটি করে উইকেট নেন সালমা খাতুন ও জাহানারা।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ। আর টুর্নামেন্ট সেরা ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর।