০৬ জানুয়ারি ২০২৩, ০৮:৩৫

অবসর নিচ্ছেন মেসিদের কার্ড দেখিয়ে রেকর্ডধারী সেই রেফারি

রেফারি মাতেউ লাহোজ  © ইন্টারনেট

বিশ্বকাপের ম্যাচে ১৫টি কার্ড দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন রেফারি মাতেউ লাহোজ। লা লিগার ম্যাচেও কার্ড দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে পড়ে অবসর নিতে চলেছেন স্পেনের লাহোজ। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে ১৪টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।

স্পেনের একটি সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। মেসিকেও হলুদ কার্ড দেখান তিনি। এ নিয়ে লাহোজের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মেসি। ম্যাচ শেষে চরম সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। নেদারল্যান্ডসের ফুটবলাররাও বাদ যাননি। চাপে পড়ে সেমিফাইনালের আগে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

পরে লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে খেলতে নেমেছিল এস্প্যানিয়ল। সেখানেও দেখা গিয়েছিল মাতেউর কার্ডের মেলা। শুরু থেকে শেষ পর্যন্ত কার্ড দেখিয়ে গিয়েছিলেন। বাদ যাননি দলের কোচও। তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিল ফুটবলারদের। দু’দলের ১২জনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন মাতেউ। জর্ডি আলবা ও ভিনিসিয়াস সৌজাকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।

এস্প্যানিয়লের একজন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিলেন। তবে ভিএআরে সিদ্ধান্ত বদল করেছিলেন লাহোজ। বার্সার কোচ জাভি ও রিজার্ভ বেঞ্চের রাফিনহাকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন। তারপরই লাহোজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ফুটবলাররা। লা লিগা ও কোপা দেল রে’তে তাঁকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন। তারপর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।