১৬ ডিসেম্বর ২০২২, ২০:৩০

টি-টোয়েন্টিতে মাত্র ১৫ রানে অলআউট, সর্বনিম্ন দলীয় সংগ্রহ

  © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগব্যাশ লীগে সিডনি থান্ডার পড়লো ইতিহাসের সবচেয়ে বড় লজ্জায়। মাত্র ১৫ রানেই অলআউট হয়ে গেলো দলটি। সিডনি থান্ডারের ১৫ রানে অলআউট হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো বটেই, সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডও এটি।

সিডনি থান্ডারের আগে এমন রেকর্ড গড়েছিল তুরস্ক। ২০১৯ সালে কন্টিনেন্টাল কাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অলআউট হয়েছিল তুর্কিরা।

আজ শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অ্যাডিলেড স্ট্রাইকার্সের ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার হেনরি থর্নটন একাই নিলেন ৫ উইকেট। ৪ শিকার ধরে তাকে যোগ্য সঙ্গ দিলেন আরেক ফাস্ট বলার ওয়েস অ্যাগার। এডিলেডের ৯ উইকেটে ১৩৯ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১৫ রানে। ফলে সাদামাটা স্কোরের পরও ১২৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে অ্যাডিলেড।

পাওয়ার প্লে শেষ হওয়া পর্যন্তও টিকতে পারেনি সিডনি। তাদের ইনিংস থেমেছে কেবল ৫.৫ ওভারে। অথচ দলটির একাদশে ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও দক্ষিণ আফ্রিকার রাইলে রুশোর মতো ব্যাটার। তারাসহ কেউই পারেননি দুই অঙ্কে পৌঁছাতে।

সিডনির পাঁচ ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ ৪ রানে আসে দশে নামা ব্রেন্ডন ডগেটের ব্যাট থেকে। সবচেয়ে বেশি ৬ বল মোকাবিলা করেন ক্রিস গ্রিন। কিন্তু তিনি আউট হন শূন্য রানে।