২৯ অক্টোবর ২০২২, ২০:৫০

টি-টোয়েন্টির সেমিতে ওঠার সুযোগ আছে বাংলাদেশেরও

বাংলাদেশ দল  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে এক ম্যাচ জিতেছে বাংলাদেশ। অন্যদিকে হেরেছে এক ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৪ নম্বরে এখন টাইগাররা। সেমিফাইনাল খেলতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে সাকিবদের। সমীকরণ মিলে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাবে টাইগারদের।

আপাতত গ্রুপের এমন অবস্থা যে পাকিস্তানের মতো অন্য দলের উপর নির্ভর করতে হবে না, নিজেদের বাকি তিনটি ম্যাচে জিতলেই সেমির টিকিট পেয়ে যাবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের বাকি তিনটি ম্যাচের প্রথমটি আগামীকাল (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিরুদ্ধে।

এরপর বুধবার (২ নভেম্বর) ভারতের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। গ্রুপ লিগের শেষ ম্যাচ (রবিবার, ৬ নভেম্বর) আছে পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ বাংলাদেশের পয়েন্ট সর্বোচ্চ আট হতে পারে।

যেভাবে টি-টোয়েন্টির সেমিতে ওঠতে পারে বাংলাদেশ

বাংলাদেশ যদি বাকি তিনটি ম্যাচই জিতে আট পয়েন্টে শেষ করে, তাহলে সেমিফাইনালে চলে যাবে। সেই আট পয়েন্ট হওয়ার জন্য ভারতকে হারাতেই হবে সাকিবদের। সে ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে আট। বাংলাদেশ চাইবে যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েকে হারিয়ে দিক ভারত। সেক্ষেত্রে দুই আফ্রিকার দলেরই পয়েন্ট সাতের বেশি হবে না।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে সুখবর পেলেন নেইমার

সেমিফাইনালে চলে যাবে ভারত এবং বাংলাদেশ। কোন দল গ্রুপের শীর্ষে থাকবে, সেটা নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ধার যাক সাকিবরা ভারতকে হারিয়ে দিলেন। ভারত আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেল এবং জিম্বাবোয়েকে হারিয়ে দিল। তাহলে রোহিত শর্মাদের পয়েন্ট ছয় হবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার (বাকি সব ম্যাচ জিতলে প্রোটিয়াদের পয়েন্ট হবে নয়) সঙ্গে সেমিতে চলে যাবে বাংলাদেশ (বাংলাদেশ সব জিতছে ধরে আট পয়েন্ট)। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে গ্রুপ ‘১’-র শীর্ষ স্থানাধিকারী দলের সঙ্গে খেলা পড়বে সাকিবদের।

জিম্বাবোয়ে দুটি ম্যাচে (ভারত এবং নেদারল্যান্ডসের) জিতে যায়, তাহলে সিকন্দার রাজাদের পয়েন্ট হবে সাত (বাংলাদেশের বিরুদ্ধে হেরে যাবে ধরে)। তাহলেও বাংলাদেশ সেমিতে চলে যাবে। কারণ সেক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হবে ছয় (জিম্বাবোয়ে ও বাংলাদেশের কাছে হার এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়)। ভারতকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়েও দেয়, তাহলে বাংলাদেশের সমস্যা হবে না। তাহলেও সেমিতে উঠে যেতে পারবেন সাকিবরা।