০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১

এসএসসির প্রশ্ন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কলেজছাত্র আটক

প্রতীকী

আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস করার প্রস্তাব দিয়ে ফেসবুকে তৎপরতা চালাচ্ছিলেন কলেজ ছাত্র সোহেল হোসেন আমান (২০) নামের এক যুবক। এ ঘটনায় জড়িত আমানকে গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানার ইটাহাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতার সোহেল হোসেন আমান গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি বগুড়ার ধুনট থানার এলাঙ্গী গ্রামে। পিতার নাম মো. শহীদুল হক।

‘নাহিয়ান সানভি’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমান মাধ্যমিক ও দাখিল পরীক্ষার সকল বোর্ডের প্রশ্নপত্র আগাম সরবরাহের প্রস্তাবনা দিয়ে আসছিলেন। আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এসব পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিশ্রুতিতে তিনি মোবাইল নম্বর ও বিকাশ একাউন্ট নম্বর দিয়ে আগ্রহীদের যোগাযোগ করতে বলেন। পুলিশ নানাভাবে যাচাইয়ের পর অনেকটা ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করে।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, আমান জিজ্ঞাসাবাদে ‘নাহিয়ান সানভি’ নামের ফেসবুক আইডি ব্যবহারের কথা স্বীকার করেছেন। নিজেই প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত পোষ্ট দিয়েছেন বলে জানান। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।